
বিশেষ প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করলে সাথে সাথে তাকে পুলিশ আটক করবে।
শুক্রবার (২৬ জুন) বেলা ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কেন্দ্রপ্রধান সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করবেন।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ে না, তাদের শিক্ষকতার কোন অধিকার নেই। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিরামপুরের কৃতিসন্তান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।