অনলাইন জুয়া ও হুন্ডি প্রতিরোধে কাটলায় নগদের উদ্যোক্তা সচেতনতা বৈঠক
23 Sep 2026
11:57 AM
স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারে অনলাইন জুয়া ও হুন্ডি প্রতিরোধে নগদ উদ্যোক্তাদের নিয়ে সচেতনতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিরামপুর, ফুলবাড়ী, হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার নগদ অনুমোদিত পরিবেশক মেসার্স জিম জারির এন্টারপ্রাইজের আয়োজনে ১৮ জন উদ্যোক্তাকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সচেতনতামূলক বক্তব্য দেন বিরামপুর টেরিটোরির দায়িত্বপ্রাপ্ত টেরিটোরি অফিসার সৈয়দ গোলাম মোরশেদ সৈকত।
এ সময় উদ্যোক্তাদের অনলাইন অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে জুয়ার টাকা লেনদেনে সম্পৃক্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরিচিত-অপরিচিত কাউকে সাময়িক সময়ের জন্যও উদ্যোক্তা সিম বা অ্যাপ ব্যবহারের সুযোগ না দেওয়া, অর্থের বিনিময়ে সিম ভাড়া না দেওয়া এবং চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে এলাকার বাইরে গেলেও উদ্যোক্তা সিম ও অ্যাপ অন্য কারও কাছে না রাখার বিষয়ে সতর্ক করা হয়।
কেউ এসব অবৈধ কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য অর্থের প্রলোভন দিলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোক্তাদের অনুরোধ করা হয়।