সুন্দরবনের দুবলার চরে শুরু ঐতিহ্যবাহী রাস মেলা, নিরাপত্তায় বন বিভাগের বিশেষ টহল
22 Nov 2026
12:27 PM
এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাগেরহাটের দুবলার চরের আলোরকোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূজা ও মেলা। রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। শেষ দিন বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা করছে আয়োজকরা। তাঁদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবনের বিভিন্ন নৌপথে বন বিভাগ, বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্ধারিত নৌপথ রাখা হয়েছে। অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া সুন্দরবনের বনজ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নির্ধারিত পথের বাইরে চলাচল, অবৈধ সরঞ্জাম বহন এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, রাস উৎসব শেষ না হওয়া পর্যন্ত বিশেষ টহল ও নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে। ধর্মীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।