বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
04 Oct 2026
10:06 AM
মো. বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
টুর্নামেন্টের উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মূসা, দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধারাভাষ্য দেন সামসুল আলম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ভোলানাথ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সবাইকে নিয়মিত মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান। তিনি বলেন, দিনাজপুর-৬ আসন থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
টুর্নামেন্টে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে মোট ২৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই বিরামপুর বড় মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই মন্ত্রীকে দেখতে এবং বৃহৎ এই টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মাঠে উপস্থিত হন।