👁 484 Views

জনগণের শক্তিকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয় : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

মোরশেদ মানিক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। কিন্তু এই ধৈর্যশীল মানুষ যদি একবার ক্ষেপে যায়, তাহলে তারা কী করতে পারে, তা আপনারা ২৪ এর ৩৬- জুলাই এ দেখেছেন। আবার ৯০-এও দেখেছেন, কীভাবে জনগণ স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছিল। তাই জনগণের শক্তিকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়।

বুধবার (৫ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এ সময় মন্ত্রীর ব্যক্তিগত ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু  ও জেলা বিএনপির সহ-সভাপতি  আতিকুর রহমান রাজা উপস্থিত ছিলেন।

সমাবেশে ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার এবং ন্যায় বিচারের প্রশ্নে সবসময়ই সচেতন। যখনই জনগণের অধিকার হরণ করা হয়েছে বা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, তখনই জনগণ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের পাশাপাশি সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। অতীতের আন্দোলন-সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অংগ সংগঠনের সকল ইউনিটের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, আদিবাসী সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *