দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে জমির দখল ফিরে পেলেন প্রকৃত মালিক। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এর পুটিমারা ইউনিয়নের লোকা গ্রামে ঢাক-ঢোল পিটিয়ে আদালতের আদেশে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
আদালত সুত্রে জানা যায়,লোকা মৌজার ২০০ নং দাগে ৭০ শতক জমি নিয়ে প্রায় দেড় যুগের বেশি সময় ধরে বিরোধ ও মামলা চলমান ছিল। অবশেষে দিনাজপুর জেলা দায়রা জজ আদালত মামলার রায়ে প্রকৃত মালিকদের পক্ষে সিদ্ধান্ত দেন। রায়ের আলোকে আদালতের নির্দেশে জমি দখলমুক্ত করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
১৩ এপ্রিল দুপুর ২ টার দিকে আদালতের প্রতিনিধির উপস্থিতিতে এবং নবাবগঞ্জ থানা পুলিশ-এর সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
এ বিষয়ে জেলা দায়রা জজ আদালতের নাজির তোফায়েল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আজ প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দখল হস্তান্তর করা হয়েছে।
জমির মালিক রোকনুজ্জামান রাবু জানান, দীর্ঘ ২১ বছরের আইনি লড়াই শেষে জমি ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি বোধ করছেন।