দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আদিবাসীদের কবরস্থানের জমির গাছ কাটা, শ্মশান কালী মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক আদিবাসী যুবক তীরবিদ্ধ সহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত; মামলার প্রস্তুতি চলছে।
১৯ এপ্রিল সকাল ১১ টায় পাল্টাপুর ইউনিয়নের সনকা খৃষ্টান পাড়ার আদিবাসীদের কবরস্থান ও শ্মশান কালী মন্দিরের জমির গাছ কাটা কাটতে আসে ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে দেড়শতাধিক দৃবৃত্ত। তারা আদিবাসী কবরস্থান সংলগ্ন শ্মশান কালী মন্দিরটি ও মন্দিরে থাকা শ্মশান কালীর প্রতিমাটি ভেঙ্গে দুরে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে।
বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন কালে জানায়, ঘটনাটি অমানবিক। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ঘটনা স্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করে জব্দ করেন।