বিশেষ প্রতিনিধি :দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে আগত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঘিরে প্রস্তুতির সময় সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিষয়টি মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী, উপজেলা বিএনপি ও সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটিকে অবহিত করেছেন। ব্যক্তির দায়ে দল কি করে, দলীয় সিদ্ধান্তর অপেক্ষায় রয়েছেন সাংবাদিকগন ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মন্ত্রীর আগমনের পূর্ব মুহূর্তে কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেন, আরেহ সাংবাদিক, পরে করবেন, কত সাংঘাতিক দেখলাম জীবনে। এ বক্তব্য ও আচরণে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, মন্ত্রীর আগমনের ভিডিও ধারণের প্রস্তুতির সময় ইকবাল হোসেন তাদের ওপর চড়াও হয়ে হেয়প্রতিপূর্ণ মন্তব্য করেন। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এমন আচরণ পরিহারের আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে ইকবাল হোসেন বলেন, ঘটনাটি অনিচ্ছাকৃত ভাবে ঘটেছে। মন্ত্রীর আগমনে উত্তেজিত হয়ে তিনি কী বলেছেন তা নিজেও বুঝতে পারেননি বলে উল্লেখ করেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এ প্রসঙ্গে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন এবং সঙ্গে সঙ্গে সেই নেতার আচরনের প্রতিবাদ করেছিলেন। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের কাছে সবকিছু তুলে ধরে। কাউকে হেয়প্রতিপূর্ণ আচরণ করা সমর্থনযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি আশ্বাস দেন।
দিনাজপুর-৬ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন মুঠোফোনে জানান, সাংবাদিকদের সাথে এক নেতার অসৈাজন্য মূলক মন্তব্য করাটা অত্যন্ত দু:খজনক। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করা হবে।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিষয়ে দলীয় কি সিদ্ধান্ত আসে, সাংবাদিক সমাজ নিবিড় ভাবে অনুসরন করছেন।