দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী
28 Nov 2026
02:14 PM
রোকনুজ্জামান রোকন, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্টের অপচেষ্টাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা দেওয়া হবে না, ইনশাআল্লাহ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিতারাম মন্দিরে ইন্জি: গজেন চন্দ্র বর্মন স্বপন এর সভাপতিত্বে রাস পূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি মহল দেশে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করতে পারে। মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর ষড়যন্ত্রও হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তাই পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে।
দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,হাকিমপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখোয়াত হোসেন শিল্পীসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।