মোরশেদ মানিক:দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়।
মন্দির কর্তৃপক্ষের হাতে সিসি ক্যামেরা তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আতিকুর রহমান রাজা মাস্টার এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মাস্টার।
সিসি ক্যামেরা স্থাপনের ফলে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ ও সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, নিরাপত্তা জোরদারের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নবাবগঞ্জে দুর্গোৎসব উদ্যাপিত হবে।