[post-views]

ধানের শীষ প্রতীকের সম্মান রক্ষায় জীবনের বাকি সময়টুকু দিনাজপুরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতীক ধানের শীষের সম্মান রক্ষায় জীবনের বাকি সময়টুকু দিনাজপুরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দিনাজপুরের উন্নয়নে আপনাদের পরামর্শকে গুরুত্ব দিতে চাই। এ জন্য সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি গঠন করে আমাকে উপহার দিন। আপনাদের পরামর্শ নিয়েই আমি দিনাজপুরের কাঙ্খিত উন্নয়ন করতে চাই।
এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আপনারাই আমাকে ভোট দিয়ে পরপর তিনবার দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত করেছিলেন। এবারও আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। তিনবার মেয়র থাকার পরও দিনাজপুরের যে কাঙ্খিত উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল, তা আমি করতে পারিনি। সেই অপূর্ণতা পূরণে এবার আরও আন্তরিকভাবে কাজ করতে চাই।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দিনাজপুরবাসীর যে প্রত্যাশা, তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা আমি করে যাব। দল-মত নির্বিশেষে সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে দিনাজপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।
১৮ সেপ্টেম্বর-২০২৬ শুক্রবার রাত ৮ টায় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী গ্রিনভিউ কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সাবেক ব্যাংক কর্মকর্তা কাজি মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল, মোস্তফা কামাল মিলন, সমাজসেবক হাফিজুল কাদের লাবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল কবির, গোলাম রসুল রকেট, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আলী চৌধুরী লিমন, জেলা জমিয়তে ওলামা ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মোঃ শোয়াইব, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, মোঃ বিপ্লব প্রমুখ।
মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম পাভেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মমিনুল ইসলাম মমিন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মোঃ রায়হান সরকার মিন্টু, মোঃ মাহবুব আলম সেরেসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে সভাপতি মমতাজুর রহমান বাবলু প্রধান অতিথিকে একটি ক্রেস্ট প্রদান করেন।