মোরশেদ মানিক : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারের নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং সরকারি সহায়তা স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এই কর্মসূচির অধীনে প্রাথমিক পর্যায়ে জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১০টি গ্রামের ৫৪০ জন নারীসহ হতদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। কার্ডধারীরা টিসিবি পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় এবং মাসিক ভাতা সুবিধা পাবেন। সরকারের এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের দৈনন্দিন কষ্ট লাঘব করবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সহায়তা প্রদান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জিলুফা সুলতানা, দিনাজপুর বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান সহ অনেকেই।
অনুষ্ঠানে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর-৬ সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন ও আইন-আদালত সম্বন্বয়ক এডিশনাল পিপি এডভোকেট মনজুর রশীদ রতন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি(ভার:) তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক (ভার:) ইকবাল হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মনজুর এলাহী রুবেল চৌধুরী, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ দিনাজপুর-৬ আসনের ৭ ইউনিট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে এই কর্মসূচি নতুন আশা ও স্বপ্নের সঞ্চার করেছে। সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।