👁 243 Views

আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না : নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি

বিশেষ প্রতিনিধি : নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুর-৬ আসনের এমপি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশে প্রশাসন, পুলিশ ও আদালত রয়েছে; তাদের কাজে সহযোগিতা করা রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলে তা আইনি প্রক্রিয়ায় সমাধানের সম্পূরক ভূমিকা পালন করতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে তার সফর সঙ্গি হয়ে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিনী ডা.শরিফা করিম স্বর্ণা এবং ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু।
তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। মানুষ যেন আপনাদের দিকে আঙুল তুলতে না পারে, সেই স্বচ্ছ নেতৃত্ব গড়ে তুলুন। নির্বাচনী প্রচারনায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্মরণ করে ডা. জাহিদ হোসেন বলেন, ভাঙা রাস্তার কারণে মানুষ অনেক কষ্ট পেয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী এক বছরের মধ্যে বিরামপুর এলাকার দুর্গম এলাকাসহ সব রাস্তাঘাট চলাচলের উপযোগী করা হবে। সমস্যা চিহিুত করে নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট দপ্তর ও তাকে অবগত করার তাগিদ দেন। এই কাজে গাফিলতি হলে সংশ্লিষ্ট নেতাদের ওপর দায় বর্তাবে বলেও তিনি জানিয়ে রাখেন।
এলাকার জরাজীর্ণ স্কুল ভবন মেরামত এবং নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত তালিকা তৈরির নির্দেশ দেন মন্ত্রী। তিনি ইউএনও, উপজেলা প্রকৌশলী, পৌর প্রকৌশলী এবং পিআইওর সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় নেতাদের নির্দেশনা প্রদান করেন।
উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুনের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. শিরণ আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অংগ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং পেশাজীবী সহ সাধারন ভোটারগন উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *