শ্রীশ্রী কান্তজিউ মন্দির কমিটির বিভিন্ন অনিয়ম,এজেন্ট সহ কতিপয় সদস্যের একক আধিপত্যবিস্তার এবং স্থানীয় সনাতনী যুবসমাজসহ স্থানীয় মানুষের শ্রেণীভেদে বৈষম্য, অবমূল্যায়ন ও এজেন্টের নিয়ম শৃঙ্খলাভঙ্গ এবং কমিটির অব্যবস্থাপনায় নৌকাডুবিতে ভক্তের প্রাণহানিসহ বিভিন্ন ইস্যুতে বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বাতিলের দাবি ও নৌকাডুবিতে ভক্ত স্বাক্ষর কুন্ডু টয়ের প্রাণহানির ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের জেলার সর্বস্তরের সচেতন সনাতনী মহল এবং সকল ভক্তবৃন্দের আয়োজনে কান্তজীউ মন্দির প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে এজেন্টসহ কমিটির সকল সদস্য পদত্যাগ না করলে পরবর্তী সময়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এরই মধ্যে স্বাক্ষর কুন্ডু টয়ের মৃত্যুর ঘটনা এবং মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় দিনাজপুর জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে।
মানববন্ধনে মন্দির পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট এজেন্টের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ তুলে বলেন, মন্দিরে আগত ভক্তদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রসাদ বিতরণের ক্ষেত্রে অর্থ গ্রহণ, শৌচাগার ব্যবহারের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় এবং মাদক ও বিভিন্ন অপরাধে শাস্তি ভোগ করা ব্যক্তিদের ভগবানের সেবায় নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দিনাজপুর জেলার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু মহাজোট কাহারোল উপজেলা শাখার সভাপতি যোগেশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র রায়, নির্বাহী সদস্য দ্বিলীপ রায়, শ্রী শ্রী কান্তজি মন্দির হরিসভার সভাপতি ভূদেব রায়, নির্বাহী সদস্য জেমিয়েন রায় প্রমূখ।
গতকাল কান্তজীউ যুগল বিগ্রহের নৌ যাত্রা বহরে নৌকাডুবিতে স্বাক্ষর কুন্ডু টয়ের অকাল মৃত্যু যেন শুধু একটি শোকের ঘটনা হয়ে না থাকে এই ঘটনার মধ্য দিয়ে মন্দির ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহির নতুন অধ্যায় শুরু হয় দাবি সর্বস্তরের সনাতন ধর্মালম্বীদের ।