👁 415 Views

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে মোরেলগঞ্জে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা মিলন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ জনপদ নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর রাস্তাটি দীর্ঘ বছর ধরে চরম দুর্ভোগের প্রতীক হয়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে সৃষ্টি হয় হাঁটুসমান জলাবদ্ধতা, ফলে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ,বর্ষা মৌসুমে এই সড়কটি যেন একটি ছোট খালে পরিণত হয়, যেখানে ভ্যান বা অন্যান্য যানবাহন ছাড়া চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য।

প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সমস্যাটির স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল স্থানীয়দের মধ্যে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সময় রাস্তাটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়ে যে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। স্থানীয় জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করেছেন।

এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পরও দীর্ঘদিন সমস্যার সমাধান না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছিলেন। এমন সময় আসাদুজ্জামান মিলনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “বছরের পর বছর আমরা এই দুর্ভোগ সহ্য করে আসছি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এখন যদি সড়কটি সংস্কার হয়, তাহলে হাজারো মানুষের চলাচল সহজ হবে।”

এ বিষয়ে আসাদুজ্জামান মিলন বলেন, “জনগণের দুর্ভোগ দেখে বসে থাকা যায় না। মানুষের কষ্ট লাঘবের জন্য আমার সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করব।”

স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শুধু সাময়িক নয়, বরং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে এবং নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *