👁 276 Views

বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী : বাসস এমডি কামাল উদ্দিন সবুজ

ফেনী সংবাদদাতা : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। দায়িত্ব গ্রহণের পর প্রথম আড়াই মাসে সরকার এক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রচার করবে, তবে এক্ষেত্রে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

আজ ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসস এমডি কামাল উদ্দিন সবুজ বলেন, সরকার হস্তক্ষেপ না করলেও কোনো কোনো মালিকপক্ষ নিজেদের স্বার্থ রক্ষায় সেন্সরশিপ করে থাকেন। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার সংবাদ মাধ্যমের ওপর অযাচিত নগ্ন হস্তক্ষেপ করেছিল। ফলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম অপরিহার্য হলেও দায়বদ্ধতা না থাকায় যা ইচ্ছা প্রচার করা হয়। ফলে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ে, যা গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এসব মোকাবেলায় সরকার, মালিকপক্ষ ও সাংবাদিকসহ অংশীজনদের নিয়ে একটি রোড ম্যাপ তৈরি করতে হবে।

কামাল উদ্দিন সবুজ বলেন, ইউরোপ-আমেরিকা কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা গণমাধ্যমের যে চিত্র দেখছি তা মোটেই সুখকর নয়। উন্নত বিশ্বেও সরকার গণমাধ্যমকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন। সেই তুলনায় আমাদের দেশের গণমাধ্যমের পরিস্থিতি অনেক উন্নত।

বাসস এমডি বলেন, ফেনী সাংবাদিকতার জন্য উর্বর ভূমি। ফেনীর সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকতাকে উজ্জ্বল করেছেন। শুধু তাই নয় ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, শিল্প ও সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে ফেনীর সন্তানদের ভূমিকা উজ্জ্বল। এই ধারাবাহিকতা বর্তমান প্রজন্মকে ধরে রাখতে হবে।

তিনি বলেন, মুক্ত গণমাধ্যমে একমত থাকতে পারলে আমরা অনেক কিছু করতে পারতাম। পৃথিবীর কোনো দেশে শতভাগ মুক্ত গণমাধ্যম নেই। নিরপেক্ষতা বলতে আসলে কিছু নেই। কিন্তু রিপোর্ট লেখার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা এবং সম্পাদনার ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা দরকার। সাংবাদিকদের জন্য পথ কখনো মসৃণ হয় না। তাই সংগ্রাম ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিদারুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি মেজবাহ উদ্দিন খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানাসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *