👁 346 Views

পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

বিশেষ প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকালে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

এ প্রকল্পটি দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *