প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৫:৪২ পি.এম
অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক :
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিগত ১৭-১৮ বছরে এই প্রেস ক্লাব ও এর আশপাশের রাস্তায় সাংবাদিকদের ওপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং আমরা অনেককে হারিয়েছি, সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমরা সবাই মিলে এমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেখানে আর পেছনে ফিরে তাকাতে না হয়।
১১ মার্চ বুধবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ডা: জাহিদ হোসেন বলেন, ‘আজ নতুন পরিবেশে, নতুন পরিচয়ে, নতুন অবয়বে আপনাদের সামনে কথা বলতে পারাটা এক বিশেষ অনুভূতির বিষয়। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমাদের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। এখানকার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ত্যাগের আমরা সাক্ষী।’
তিনি আরো বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি— আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।’
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.