প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৯:২৫ এ.এম
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার অনন্য কৃতিত্ব অর্জন

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ খ্রিস্টাব্দে মাদ্রাসা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী এই তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা
মো. আঃ বাতেন এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আলিম ২য় বর্ষের বিজ্ঞান শাখার শিক্ষার্থী মোছা. তাসনিম আক্তার নিশাত। উল্লেখ্য এই মাদরাসাটিতে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৭১২ জন।জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের সাফল্য এবং সুশৃঙ্খল পরিবেশের ধারাবাহিক ফল হিসেবে এ স্বীকৃতি এসেছে। উল্লেখ্য জেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) মাওলানা মো. আঃ বাতেন ১৯৯৭ সালে কামিল ১ম শ্রেণিতে উত্তীর্ণ হয়। তাঁর কর্মজীবন শুরু ২০০০ সালে ভালকা জয়পুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা হতে পরে ২০০২ সালে বিজুল দারুল হুদা কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি ২০১৮ সালে দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।
তাঁর শিক্ষা জীবনের ঝুড়িতে রয়েছে বহুমুখী সার্টিফিকেট।
অধ্যক্ষ মাওলানা মো. আঃ বাতেন বলেন “এ অর্জন শুধু আমার বা প্রতিষ্ঠানের একার নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করা। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসাটি উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাতিশাল গ্রামের মধ্যবর্তীতে অবস্থিত। উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মাদ্রাসাটিতে বিজ্ঞান, মানবিক শাখায় সহপাঠ দান করা হয়। শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে সুসজ্জিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক কম্পিউটার ল্যাব ও আবাসিক সুবিধা। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালনসহ সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরির লক্ষ্যেও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।দীর্ঘ পরিক্রমায় মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়েছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ও সাফল্যের গল্প। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের অনেকেই দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন এবং কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা পর্যায়ে এ শ্রেষ্ঠত্ব অর্জনে শিক্ষা কার্যক্রমে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।
এলাকার সচেতন মহল ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবী জানিয়েছে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.