প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৯:০৯ এ.এম
হাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের বর্ণিল উৎস

জিন্নাত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ "বিজ্ঞান কেবল কিছু সূত্র বা সমীকরণের মাঝে সীমাবদ্ধ নয়, এটি অজানাকে জানার এক অন্তহীন অভিযান"-এই মূলমন্ত্রকে ধারণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয় ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬। শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে দিনব্যাপী অত্যন্ত উৎসবমুখর ও সাড়ম্বর পরিবেশে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের এই মিলনমেলা সম্পন্ন হয়।
সকালে রসায়ন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরীক্ষা কেন্দ্রের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে নির্ধারিত পরীক্ষা কক্ষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে প্রিলিমিনারি রাউন্ডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হাবিপ্রবি'র কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. বলরাম রায়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন অলিম্পিয়াডের সদস্য সচিব ড. ফাতিহা ফারহানা এমি। রসায়ন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইশরাত মাহমুদ সৌরভ এবং হৈমন্তী রায় হিমুর চমৎকার ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রসায়নের মতো একটি মৌলিক ও বিস্ময়কর বিজ্ঞানকে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এই অলিম্পিয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি তরুণ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করবে। লিখিত পরীক্ষা শেষে বিকেলে এক সমাপনী ও বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে কেমিস্ট্রি প্রেমীদের এই উৎসবের সফল সমাপ্তি ঘটে। অলিম্পিয়াডটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায় এবং সদস্য সচিব ড. ফাতিহা ফারহানা এমি।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.