প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ১:২৭ পি.এম
গণরায় বাস্তবায়নে টালবাহানা জনগণ বরদাস্ত করবে না: এটিএম মাছুম

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি:
গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মাছুম।
শুক্রবার (৯ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবু তাহের মুহাম্মাদ মাছুম বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্রের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে বলে তিনি অভিযোগ করেন। গণভোটের গণরায় বাস্তবায়নে গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্য দাবিদাওয়া আদায়ে জাতীয় সংসদ ও রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে।
রুকনদের সাংগঠনিক ও জ্ঞানগত যোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা অর্জন করতে হবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের অধিকার আদায়েও সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যথাযথ প্রস্তুতি গ্রহণ ও গণসংযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আব্দুল হাকিম, মো. আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত এবং জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
দিনব্যাপী এ সম্মেলন ও শিক্ষাশিবিরে পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার চার শতাধিক পুরুষ ও নারী রুকন অংশ নেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.