প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৫:৪০ এ.এম
সরকারের দেয়া ছাগল লালন-পালন করে স্বাবলম্বী হোন: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

স্টাফ রিপোর্টার :
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য , সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার যে সহায়তা দিচ্ছে, তা কোনোভাবেই অপচয় বা বিক্রি করা যাবে না।
১১ এপ্রিল বিকাল ৫টায় দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল, গৃহনির্মাণ উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন-রাস্তাঘাট, মসজিদ, মন্দির, গির্জা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পগুলো সারা বছরব্যাপী চলমান থাকবে।
বিতরণকৃত ছাগল প্রসঙ্গে মন্ত্রী উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, “এই ছাগল আগামী দুই বছর আপনারা বিক্রি বা জবাই করতে পারবেন না। সরকারের উদ্দেশ্য হচ্ছে—ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়, যা লালন-পালন করলে অর্থনৈতিকভাবে আপনারাই লাভবান হবেন। এই ছাগল সরকার ফেরত নেবে না, এটা আপনাদেরই থাকবে।” তিনি আরও জানান, যদি কোনো ছাগল মারা যায়, তবে ১৫ দিনের মধ্যে ছবিসহ যোগাযোগ করলে পুনরায় ছাগল বিনিময়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিয়মিত স্কুলে পাঠানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এলাকায় শৃঙ্খলা ফেরাতে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি করে বলেন, “যারা চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলদারিত্বের সাথে সম্পৃক্ত আছেন—দয়া করে এসব বন্ধ করুন। বাস-ট্রাক বা দোকানপাট থেকে চাঁদা তোলা বন্ধ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। তখন দয়া করে আমাদের কাছে সুপারিশ নিতে আসবেন না।
মাদক ও অবৈধ ভাবে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, “যৌথ বাহিনীর অপারেশন চললে দোষী-নির্দোষ সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সময় থাকতে সচেতন হোন এবং অপরাধীদের ধরিয়ে দিয়ে প্রশাসনকে সহায়তা করুন।”
এলাকায় ট্রান্সফরমার চুরি রোধে জনসাধারণের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, “চোর তো আর বিদেশ থেকে আসে না, চোর আপনার বাড়ির কাছেই থাকে। কোটি টাকা খরচ করেও উন্নয়ন টেকানো সম্ভব নয় যদি আপনারা চোরকে প্রতিরোধ না করেন। ভালো কাজ করতে হলে সত্য বলার সাহস রাখতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌর ও উপজেলা বিএনপি-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং কয়েকশ সুবিধাভোগী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.