দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়ন প্রকল্প সমূহ ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যানমন্ত্রী
20 Sep 2026
08:26 AM
মো.ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধিঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার চায়না গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। কারণ মানুষের আর্থিক সক্ষমতা থাকলে তাদের ভয়েস জড়ালো হয় এবং যে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের ভালো ভুমিকা থাকে।
১৯ সেপ্টেম্বর-২০২৬ শনিবার দিনাজপুর জেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে উন্নয়ন প্রকল্প সমূহ ও দুঃস্থদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকারকে আমরা ক্ষমতায়িত করতে পারলে উন্নয়ন কাজের প্রক্রিয়া আরো বেশি অংশগ্রহণমুলক করতে পারবো। তাহলে কোন বৈষম্য ছাড়াই স্থানীয় এলাকা এবং দেশের উন্নয়ন হবে।
এসময় ১৩৭ টি উন্নয়ন প্রকল্প সমূহ এবং দুঃস্থদের মাঝে মোট ৬৫ লাখ ৭৫ হাজার ৬২৫ টাকার চেক প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩(সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর -১ আসনের এমপি মোঃ মঞ্জুরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদসহ আমন্ত্রিত অতিথি ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের আহবায়ক মো. আখতারুজ্জামান আখতার।