👁 527 Views

পাঁচবিবিতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে জয়পুরহাট ২০ বিজিবি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে কয়া সীমান্ত এলাকার হাজারেরও বেশি মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। ক্যাম্পে সাধারণ রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি শিশু, নারী ও বয়স্কদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

দূরবর্তী সীমান্ত এলাকার অনেক দরিদ্র মানুষের জন্য চিকিৎসা ব্যয় বহন করা কঠিন। তাই হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। অনেকে বিজিবির এমন উদ্যোগকে সীমান্তবাসীর জন্য সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মেডিকেল ক্যাম্পে আসা কয়েকজন রোগী জানান, অসুস্থ হলেও অর্থের অভাবে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তাদের উপকার হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের পাশে দাঁড়ানো বিজিবির একটি মানবিক দায়িত্ব। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *