👁 470 Views

দিনাজপুরে ষড়যন্ত্র ও বেআইনি দখলের প্রতিবাদে মানববন্ধন, পদত্যাগ করলেন প্রধান নির্বাহী

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধিঃ গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়ম ও মব কালচারের মাধ্যমে কার্যালয় দখলের প্রতিবাদে দিনাজপুরের সদরের রাজবাটীতে আল-ফলাহ্ আম উন্নয়ন সংস্থা’র নব-নির্বাচিত কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত কার্য নির্বাহী কমিটির সভাপতি ছিলেন আমিনুল করীম আমু। অল্প কিছুদিন পুর্বে মব করে রাজনৈতিক পরিচয়ে আমুকে সরিয়ে তমিজ উদ্দিনকে অবৈধভাবে সভাপতি করে। সেই অবৈধ কমিটির মেয়াদ শেষ হয় ২১ জুলাই ২০২৬। ষড়যন্ত্রের মাধ্যমে এই চক্রটি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের বাদ দিয়ে প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে। তৈমুল ইসলাম গং স্বৈরশাসক দালাল ফ্যাসিস্ট আমিনুল করিম আমু ও তমিজ উদ্দিন গংদের নিয়ে গঠনতন্ত্র বাদ দিয়ে গোপনে ঢাকায় গিয়ে কমিটি গঠন করে। গঠনতন্ত্রের ধারা ৫ (ঘ), ধারা ৫.২ (খ) এবং ধারা ৬.১ সম্পূর্ণ উপেক্ষা করে অবৈধভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও স্টাফদের সহ মোট ১০ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের এবং তালা ভেঙে কার্যালয়ে অনধিকার প্রবেশের মতো ঘটনা ঘটে।

সংস্থার নব-নির্বাচিত সভাপতি মো. আব্দুল মান্নান সরকার জানান, রাজবাটী আল-ফলাহ্ আম উন্নয়ন সংস্থাকে যারা তিল তিল করে গড়ে তুলেছেন, সেই প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে নিয়ে গঠনতন্ত্র মেনে সাধারণ ও নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। উক্ত কমিটি অনুমোদনের জন্য ইতোমধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জবরদখলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে (পিবিআই দিনাজপুর) তদন্ত করছে।

কর্মসূচি এক পর্যায়ে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মামুন উর রশিদ পদত্যাগের ঘোষণা দেন। উপস্থিত সকলের সামনে লিখিত পদত্যাগপত্রে তিনি জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ও সজ্ঞানে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। পত্রে তিনি উল্লেখ করেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাগণই পদাধিকার বলে সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এতে কারো কোনো ওজর-আপত্তি থাকা উচিৎ না ।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ভুয়া মামলা প্রত্যাহার, আইন প্রয়োগকারী সংস্থার সুষ্ঠু তদন্ত এবং সমাজসেবা অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *