👁 335 Views

দিশবন্দী হাতিশাল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসায় দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মহিদুল ইসলাম।

সমাবেশে মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ মো. রশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রভাষক, সহকারী শিক্ষক, কর্মচারী, দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করা, আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মিত উপস্থিতির বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে।

সমাবেশে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং দাখিল পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *